পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাস ড্রাইভার মামুনুর রশিদ মামুনকে (১৯) গ্রেফতার করা হয়েছে। তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) জেলা সদর উপজেলার জগদল বাজার থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি এনামুল হকের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম মামুনকে আটক করে। আটক মামুন ভাই-বোন এন্টারপ্রাইজ বাসের ড্রাইভার ছিল।
২০১৮ সালের ২৬ অক্টোবর রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার দশমাইল বাজারে বাস ও বৈদ্যুতিক খুঁটিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত হয়। এ ঘটনায় ২৮ অক্টোবর পুলিশ বাদী হয়ে বাস ড্রাইভার মামুনুর রশিদ মামুন (১৯) এবং ট্রাক ড্রাইভার রাজিবকে (৩৪) আসামি করে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করেন। মামলার অপর আসামি ট্রাক ড্রাইভার রাজিব পলাতক রয়েছে। তার বাড়ি খুলনায়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বাস ড্রাইভার মামুনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাস ড্রাইভার মামুন ও ট্রাক ড্রাইভার রাজিব পালিয়ে যায়। মামলার অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। মামুনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।