অপহরণের একমাস পর মা ও শিশুপুত্রকে উদ্ধার

নীলফামারী

অপহরণের এক মাসেরও বেশি সময় পর নীলফামারীর ডিমলা উপজেলার পাঁচ বছরের এক শিশু ও তার মাকে ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) আশুলিয়া থানা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের বাড়ি ডিমলার খালিশাচাপানী ইউনিয়নের কাকিনাচাপানী গ্রামে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি কাকিনাচাপানী গ্রামের জীবন রায়ের স্ত্রী মুক্তা রানী রায় (২৫) ও তাদের পাঁচ বছরের শিশুপুত্র জিৎ বাবুকে নিজ বাড়ি থেকে অপহরণ করে গয়াবাড়ি ইউনিয়নের দক্ষিণ গয়াবাড়ি গ্রামের শাহিনুর রহমানসহ (৩৩) পাঁচজন। এ নিয়ে জীবন রায় ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ডিমলা থানার ওসি (তদন্ত) সোহেল রানা ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোহাম্মদ আলী গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার আশুলিয়া থানা এলাকা থেকে অপহৃত মা ও শিশুকে উদ্ধার করেন। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়।
ওসি মফিজ উদ্দিন শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’