হিলিতে পলাতক আসামিসহ তিন মাদক ব্যবসায়ী আটক

গ্রেফতার

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক  ব্যক্তিরা হলো, হিলির উত্তরবাসুদেবপুর এলাকার মৃত ইব্রাহীম শেখের ছেলে জাহিদ শেখ (৩৫), বৈগ্রাম এলাকার গনি সরকারের ছেলে আনিছুর রহমান (২৩), ফুলবাড়ি উপজেলার পশ্চিম গৌরিপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোরশেদ আলম (২৮)।

আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হিলির গোহাড়া স্কুলের সামনের সড়কে অভিযান চালিয়ে মোরশেদ আলমকে ২০পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়াও হিলির উত্তরবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি জাহিদ শেখকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে বিজিবি সদস্যরা ১০পিস ইয়াবাসহ আনিছুর রহমান নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে। পরে তাদের সকলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।