নীলফামারী সদর ও জলঢাকায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত





নীলফামারীআইনি জটিলতায় নীলফামারী সদর ও জলঢাকা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে যথাসময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, রবিবার (১০ মার্চ) প্রথম ধাপের এই নির্বাচনে জেলার বাকি ছয়টি উপজেলায় সব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, ‘দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ভোট না নেওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার (৮ মার্চ) রাতে ও শনিবার (৯ মার্চ) সকাল থেকে মাইকিং করে সাধারণ ভোটারদের অবগত করা হয়। তবে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হবে। এছাড়া জেলার ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ ও সৈয়দপুরে আইনি জটিলতা না থাকায় সেখানে সব পদে ভোটগ্রহণ করা হবে।

সদর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম জানান, সদর উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী সাদিক হোসেন নয়নের মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক পান তিনি। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শাহিদ মাহমুদ উচ্চ আদালতে সাদিক হোসেন নয়নের প্রার্থীতার বিষয়ে আপত্তি জানিয়ে লিভ টু আপিল করেন। এতে উচ্চ আদালত আগামী ১ এপ্রিল লিভ টু আপিলের শুনানির দিন ধার্য করেন। আদালতের ওই আদেশের বলে নির্বাচন কমিশনের নির্দেশে সদর উপজেলার চেয়ারম্যান পদের ভোট স্থগিত করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে কোনও জটিলতা না থাকায়, এই দুই পদে যথা নিয়মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, আইনি জটিলতার কারণে নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর মনোনয়নপত্র বাতিল হয়। উচ্চ আদালতের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়ে তিনি প্রচারণায় নামেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনছার আলী মিন্টু (নৌকা) উচ্চ আদালতে লিভ টু আপিল করায় আদালত আগামী ছয় সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন। তিনি জানান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে কোনও জটিলতা নেই। ফলে জলঢাকায় ওই দুই পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।