ভোটারদের লাইনরবিবার (১০ মার্চ) সকাল ৮টা থেকে লালমনিরহাটের চারটি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার। এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
এর আগে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের এপিএস মিজানুর রহমানের প্রভাব খাটানোর অভিযোগে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া এপিএস’র বিরুদ্ধে মামলাও হয়েছে।
বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটারলালমনিরহাটের হাতীবান্ধায় পারুলিয়া তফশীলি স্কুল ও কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।
এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আতোয়ার রহমান বলেন, এ কেন্দ্রে ভোটার ৩ হাজার ১৩৯ জন। এখানে ৮টি বুথ রয়েছে। দুই ঘণ্টায় ১৫২টি ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার আরও বাড়বে।
20190310_085032লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ কোনও সমস্যা তৈরি করতে পারবে না। আশা করি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হবে। এতে সবার সহযোগিতা প্রয়োজন।’
জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, ‘মনিটরিং চলছে, কোথাও অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। যদি কোনও প্রার্থীর লোকজন বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যববস্থা নেওয়া যাবে। নির্বাচন কমিশন ও সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।’