লালমনিরহাট সদর উপজেলার তিস্তা এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লালমনিরহাট থানা পুলিশ। সোমবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীর নাম মাজহারুল ইসলাম মামুন (৩৪)। সে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী এলাকার মৃত নুর ইসলামের ছেলে।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মাইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা বাজার এলাকায় অবস্থান নেয়। মাদক ব্যবসায়ী মাজহারুল ইসলাম মামুনসহ কয়েকজন কুড়িগ্রামের ফুলবাড়ী হয়ে লালমনিরহাটের বড় বাড়ি হয়ে রংপুর যাচ্ছিলো। তারা তিস্তা বাজারে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশও পাল্টা রাবার বুলেট ছুড়ে। এতে মামুন বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে পুলিশ তাকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে। আহত মামুনকে ১০০ শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশের এসআই মাইনুল ইসলাম ও কনস্টেবল নিমাই চন্দ্র রায়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. আমিনুর রহমান বলেন,‘আহত মাদক ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে যিনিই জড়িত হোন না কেন, তাকেই আইনের আওতায় আনা হবে।'