কোনও ট্রেন থামছে না পীরগঞ্জ স্টেশনে

পীরগঞ্জ রেলস্টেশন

ঠাকুরগাঁওয়ের পরীগঞ্জ রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের টিটিই (ট্রেন টিকিট ইন্সপেক্টর) মো. রাসেলকে বুধবার রাতে উশৃঙ্খল কিছু যাত্রী মারধর করে। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে অনির্দ্দিষ্টকালের জন্য পীরগঞ্জ রেল স্টেশনে কোনও ট্রেন না থামানোর ঘোষণা দিয়েছেন রেলকর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রোড রেলস্টেশন মাস্টার আখতার হোসেন।

তিনি জানান,স্টেশনে এই সংক্রান্ত নোটিশও টানানো হয়েছে। নেটিশে পীরগঞ্জ রেল স্টেশনের নিকটবর্তী স্টেশন থেকে যাত্রীদের উঠানামা করার জন্য বলা হয়েছে। এ

স্টেশন মাস্টার আরও জানান,বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে এসে পৌঁছালে কিছু উশৃঙ্খল যাত্রী টিটিই রাসেলকে ট্রেন থেকে নামিয়ে মারধর করে। পরে তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

জানা যায়, পীরগঞ্জের দুজন যাত্রী টিকিট ছাড়া দিনাজপুর রেল স্টেশন থেকে ট্রেনে ওঠে। এ নিয়ে ওই টিটিই’র সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। ট্রেন পীরগঞ্জ স্টেশনে আসার পর যাত্রীর লোকজন টিটিই’র ওপর হামলা চালায়। আহত রাসেলকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় দিনাজপুর জিআরপি থানায় মামলা করা হয়েছে।

এ কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েছে।