লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় যশোদা বাস কাউন্টারে এক নারীকে চারদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বুড়িমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে (৩৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা রাসেল ও সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মোফাজ্জল হোসেন লিপু বলেন, ‘অপরাধ আলাদা চোখেই দেখা উচিত। রাজনীতির সঙ্গে মেলানো ঠিক নয়। রেজাউলের বিষয়টি জানার পরই আমরা আলোচনা করে ২৩ মার্চ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই কারণে ওই তারিখে আমরা বহিষ্কারপত্রে স্বাক্ষর করেছি।'
উল্লেখ্য, বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে শেরপুর জেলার নকলা থেকে আসা এক নারীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। বৃহস্পতিবার (২১ মার্চ) সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বুড়িমারী স্থলবন্দর এলাকার যশোদা পরিবহন নামে বাস কাউন্টার থেকে রেজাউলকে আটক এবং ওই নারীকে উদ্ধার করে। এরপর শুক্রবার (২২ মার্চ) অভিযান চালিয়ে হাতীবান্ধা উপজেলার আনন্দ আবাসিক হোটেল থেকে এজাহার নামীয় আসামি নজরুল ইসলাম নজু ও নুরুন নবীকে গ্রেফতার করা হয়।