এফআর টাওয়ারে আগুন

নিহত মামুনের বাড়িতে শোকের মাতম

01রাজধানীর বনানীর এফআর টাওয়ারে লাগা আগুনে নিহত আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে চলছে শোকের মাতম। শতশত মানুষ এসে ভির করছে শেষবারের মতো তাকে এক নজর দেখতে। তার মৃত্যুতে পুরো এলাকায় যেন শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গাস্থ বাড়িতে মামুনকে নিয়ে আসা হয়। এদিকে মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই ভুলভাল বকছেন মা মেহেরুন নেছা। হাতে তসবি নিয়ে মাঝে মাঝেই খোঁজ করছেন তার ছেলে মামুন কখন আসবে। তার ছেলে চলে গেছে না ফেরার দেশে, এ কথা তাকে বোঝানোর মতো কেউ নেই।

এদিকে মামুনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাতে ঢাকার কল্যানপুরে। সেখানে তিনি দীর্ঘদিন বসবাস করে আসছিলেন। শুক্রবার সকাল ১১টায় তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় গ্রামের বাড়ি বিরল উপজেলার কালিয়াগঞ্জ সংলগ্ন মিরাবন গ্রামে। জুমার নামাজের পরে তৃতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয় দক্ষিণ বালুয়াডাঙ্গা মিনার জামে মসজিদের ঈদগাহ মাঠে। জানাজা শেষে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে পিতার পাশে তাকে শায়িত করা হয়।

বৃহস্পতিবার এফাআর টাওয়ারে আগুন লাগার সময় ৮ তলার ওপর থেকে ক্যাবল ধরে নিচে নামার সময় হাত ফসকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান মামুন। তিনি এফআর টাওয়ারে অবস্থিত হ্যারিটেজ এয়ার লাইন্স কার্যালয়ের প্রধান হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সূত্রে জানা যায়, মামুন দিনাজপুর শহরের স্কুল জীবন সম্পন্ন করে ভারতে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। ঢাকার কল্যাণপুরে বসবাস করলেও মাঝে মাঝেই আসতেন বাড়িতে।

নিহতের বড়ভাই বিরল মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোশাররফ হোসেন বলেন, ‘এলাকায় ও পরিবারে মামুন খুবই আদরের ছিল। সবার সঙ্গেই তার সুসম্পর্ক ছিল। আল্লাহ এমন একজন ভালো ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিলেন। সে যেন ওপারে শান্তিতে থাকে এজন্য সবার কাছে দোয়া চাই।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১-তলা বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‌্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।