লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা এলাকায় ‘স্বামীর দেওয়া আগুনে’ গুরুতর দগ্ধ গৃহবধূ রোজিনা বেগম মারা গেছেন। শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রোজিনা নীলফামারী জেলার জলঢাকা এলাকার বাসিন্দা ও লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিউপূর্বপাড়া এলাকার মো. আব্দুল্ল্যাহের স্ত্রী।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোজিনার সঙ্গে আছেন তার শাশুড়ি রেজিয়া বেগম। মোবাইল ফোনে রোজিনার মৃত্যুর কথা জানিয়ে তিনি বলেন, ‘রোজিনার মৃতদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।’
পাটগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ড কমিশনার আজিজুল হক দুলাল বলেন, ‘এক সন্তানের মা রোজিনাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।’
পাটগ্রাম থানার ওসি মনসুর আলী বলেন, ‘গত ৮ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে নিজবাড়িতে রোজিনার গায়ে কেরোসিন ঢেলে দেয় আব্দুল্ল্যাহ। পরে রোজিনার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করেন। ওই সময় আব্দুল্ল্যাহকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। পরে মেয়ের ভাই বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করলে আব্দুল্ল্যাহকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।’ আব্দুল্ল্যাহের বিরুদ্ধে পাটগ্রাম থানায় চুরি ও মাদক চোরাচালানের একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।