লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুকুরে ডুবে শারমিন আক্তার নিশি (৫) ও ইনতিশা আহমেদ তাহা (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নিশি পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকার কৃষক সাইদুল ইসলাম তোতার মেয়ে ও তাহা একই এলাকার কৃষক এরশাদুল নবী বিপুর মেয়ে।
মৃত দুই শিশুর প্রতিবেশী সুজন মিয়া, দুলাল হোসেন ও খোরশেদ আলম বলেন, দুপুরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমানের পুকুরের কাছে নিশি ও তাহা খেলা করছিল। এক ফাঁকে পুকুরের পানিতে পড়ে গিয়ে তারা ডুবে যায়। পরে পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন নিশির মা মিনি বেগম। তার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ পারুলিয়া জামে মসজিদ মাঠে একইসঙ্গে জানাজা শেষে দুই শিশুর মরদেহ পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রমজান আলী বলেন, ‘তাহা ও নিশি নামের দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই ওই দুই শিশু মারা যায়। বিষয়টি স্থানীয় হাতীবান্ধা পুলিশকে অবহিত করা হয়েছে।’
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, ‘এই ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। দুই শিশুর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’