আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন ৮০ বছর বয়সী সিরাজুল ইসলাম। তাকে ভোটকেন্দ্রে আসতে সাহায্য করেন গ্রাম পুলিশ সদস্য রফিকুল ইসলাম। শান্তিপূর্ণ পরিবেশে দিতে পেরে তিনি খুবই খুশি।
সিরাজুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আমিও পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। কোনও সমস্যা হয়নি।’
সরেজমিনে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ লক্ষ্য করা যায়। তবে ভোটকেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেছে।
আদিতমারী পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান জানান, ১০ মার্চ আদিতমারী পঞ্চম উপজেলা পারিষদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু লালমনিরহাট -২ আসনের এমপি ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের এপিএস মিজানুর রহমানের বিরুদ্ধে প্রভাব খাটানো এবং নির্বাচনি সমাবেশ করায় ১০ মার্চ ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে নির্বাচন কমিশন ৫ মে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করে।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক ইমরুল কায়েস শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলার কথা জানিয়েছেন। আর নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন।
আদিতমারী থানার ওসি মাসুদ রানা জানান, ‘এখন পর্যন্ত কোনও কেন্দ্রে গোলযোগের খবর নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।’