জলঢাকায় স্বতন্ত্র প্রার্থী বাহাদুরের জয়

আবদুল ওয়াহেদ বাহদুরজলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ বাহাদুর ৪৭ হাজার ৯৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আনছার আলী মিন্টু ৪০ হাজার ৯৫ ভোট পেয়েছেন।

রবিবার (৫ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।

উপজেলা পরিষদ নির্বোচনের পঞ্চম ধাপে ১০ মার্চ জলঢাকায় নির্বাচন হওয়া কথা থাকলেও মামলা সংক্রান্ত জটিলতায় তা স্থগিত ছিল। যাচাই-বাছাইয়ে বাহাদুরের মনোনয়নপত্র বাতিল হয়। প্রার্থিতা ফিরে ফেতে রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করলে, তিনি ওই আদেশ বহাল রাখেন। পরে উচ্চ আদালতের রায়ে তার প্রার্থিতা ফিরে পেলে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

এদিকে, আনছার আলী মিন্টু উচ্চ আদালতে আপিল করলে আদালত ছয় সপ্তাহের জন্য উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট স্থগিত করেন। তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে নির্ধারিত দিনে ভোটগ্রহণ হয়।

২২ এপ্রিল উচ্চ আদালত মিন্টুর আবেদন বাতিল করে নির্বাচন কমিশনকে ভোট গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশে রবিবার (৫ মে) ভোটগ্রহণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা রিটানিং কর্মকর্তা।