দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যৌন হয়রানি, সহকারী প্রক্টরের ওপর হামলাসহ আইন-শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের অভিযোগে ৩ বিদেশি শিক্ষার্থীসহ ৯ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। আগামী জুন মাসে রিজেন্ট বোর্ডে এই সুপারিশ উত্থাপন করার সিদ্ধান্তও নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের একছাত্রের বান্ধবীকে উত্ত্যক্ত করার অভিযোগে শেখ রাসেল হলের শিক্ষার্থীদের দুই গ্রুপে সংঘর্ষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তার ওপর হামলা হয়। এ ঘটনায় সহকারী প্রক্টরসহ প্রায় ২০ জন আহত হন। গত ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে চারদিনের রোভার স্কাউটের অনুষ্ঠানে আসা বাইরের এক ছাত্রীকে যৌন নির্যাতন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাঁধন। পরে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ দেন। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ে মাদক সরবরাহ ও বিক্রির অভিযোগ রয়েছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. খালেদ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কার্যক্রম ও তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আইন-শৃঙ্খলা কমিটি বৈঠক করে। বৈঠকে কয়েকজন শিক্ষার্থীকে কারণ দর্শানো ও বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করা হয়।
৯ শিক্ষার্থীর নাম প্রকাশে অপারগতা জানিয়ে তিনি বলেন, রিজেন্ট বোর্ডে বিষয়টি উত্থাপনের আগে ওই শিক্ষার্থীদের নাম প্রকাশে বিধি-নিষেধ রয়েছে। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম, রেজিষ্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক, প্রক্টর প্রফেসর ড. খালেদ হোসেন, ছাত্র পরামর্শক ও উপদেষ্টা মোহাম্মদ রাজীব হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও হল সুপাররা উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক জানান, এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত একজন ছাত্রকে পুরোপুরি বহিষ্কার, যৌন নির্যাতন ও সহকারী প্রক্টর ড. মাহবুব হোসেনকে হামলার ঘটনায় পাঁচজন শিক্ষার্থীকে ২ সেমিস্টার করে বহিষ্কার এবং মাদক ও বিভিন্ন অভিযোগে দুই বিদেশি শিক্ষার্থীকে ৪ সেমিস্টার করে দুইবছর ও এক বিদেশি শিক্ষার্থীকে ২ সেমিস্টারের জন্য একবছর বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বহিষ্কারের সময়ে বিদেশি ৩ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হল ও বাংলাদেশে থাকতে পারবে না বলেও সুপারিশ করা হয়।