গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

দুর্ঘটনা কবলিত এলাকাগাইবান্ধার গোবিন্দগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় চালকসহ আহত হয়েছেন আরও ৩ জন। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া হ্যালিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম রাজু মিয়া (৩০)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শাকপালা গ্রামের জোনাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চালক অটোভ্যানে ৪-৫ জন যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। হেলিপ্যাড এলাকায় রংপুরগামী মালবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাজু মিয়া মারা যান। এ সময় চালকসহ আরও তিনজন আহত হন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাইওয়ে পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করা হবে। এছাড়াও ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।