গাইবান্ধা-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল শুরু

বাস কাউন্টার আট দিন বন্ধ থাকার পর গাইবান্ধা থেকে ঢাকাগামী দূরপাল্লার দিবা ও নৈশ বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার গাবতলীতে বাস মালিক গ্রুপ সমিতির কার্যালয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। রাত সাড়ে ৯টা ও ১০টার দিকে গাইবান্ধা কেন্দ্রীয় টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে হানিফ এন্টাপ্রাইজ ও অরিণ ট্রাভেলসের দুটি বাস ছেড়ে গেছে। এছাড়া পর্যায়ক্রমে গাইবান্ধা টার্মিনাল থেকে এসআর ট্রাভেলস, আলহামরা পরিবহন ও শ্যামলীসহ অনান্য বাসগুলোও ঢাকাসহ দক্ষিণাঞ্চলের জেলার উদ্দেশে ছেড়ে যাবে।

বাস চলাচল শুরুর সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার প্রধান বিপ্লব বলেন, ‘চাঁদা আদায় ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে বাস মালিক, শ্রমিক নেতা, বাস স্টাফ, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীর বাস মালিক ও শ্রমিকদের নিয়ে ঢাকার গাবতলিতে মালিক গ্রুপ সমিতি বৈঠক করে। বৈঠকে আলোচনা পর বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের পর ইতোমধ্যে গাইবান্ধায় বাস চলাচল শুরু হয়েছে। এখন থেকে পূর্বের মতো গাইবান্ধা থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দক্ষিণ অঞ্চলে দূরপাল্লার সব দিবা-নৈশ বাস চলাচল করবে। বর্তমানে সমঝোতা হওয়ায় যাত্রী সাধারণ এখন সময় অনুযায়ী দূরপাল্লার বাসে ঢাকাসহ দক্ষিণ অঞ্চলে যেতে পারবেন।’

এর আগে, অতিরিক্ত চাঁদা আদায়, পরিবহর মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে দ্বন্দ্বের জেরে শনিবার থেকে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ ঘোষণা করেন বাস মালিকরা। এক সপ্তাহ বাস চলাচল বন্ধ থাকলেও সমস্যা সমাধান হয়নি। এতে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ ও পরিবহন শ্রমিকরা।

এসআর ট্রাভেলসের গাইবান্ধা টার্মিনাল কাউন্টারের ম্যানেজার শফিকুল ইসলাম শফিক বলেন, ‘বাস চলাচল শুরু হওয়াতে ভালো লাগছে।  আটদিন বাস না চলায় দৈনিক মজুরি না পেয়ে কষ্টে দিন কাটাতে হয়েছে।’