সাদুল্যাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

01গাইবান্ধার সাদুল্যাপুরে চলমান বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত দরিদ্র-অসহায় ৫৬ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) দুপুরে সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঢেউটিন ও চেক তুলে দেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ শাহীন সরকার ও পিআইও মনিরুজ্জামান মনির।

সাদুল্যাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুজ্জামান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে বন্যা ও নদী ভাঙনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম, রসুলপুর ও কামারপাড়া ইউনিয়নের দরিদ্র-অসহায় ৫৬টি পরিবারের মধ্যে ১০৩ বান্ডেল ঢেউটিন ও তিন হাজার টাকা করে ১০৩টি চেক বিতরণ করা হয়।

তিনি আরও জানান, বন্যা ও নদী ভাঙনে সাদুল্যাপুর উপজেলার আরও কয়েকটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে তাদের মধ্যেও বিতরণ করা হবে।