ওনা‌দের কথায় আমরা গুরুত্ব দিই না, কা‌দে‌রের মন্তব্যের জবাবে ফখরুল

গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল (ছবি– প্রতিনিধি)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ওনা‌দের কথায় আমরা গুরুত্ব দিই না। কারণ ওনারা মিথ্যা ব‌লেন।’ শনিবার (২৭ জুলাই) বিকালে কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলার পাঁচগাছী ইউনিয়‌নের আরাজী ভোগডাঙ্গা সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় প্রাঙ্গ‌ণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের সময় সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবা‌বে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি কার্যালয়কে গুজবের ফ্যাক্টরি বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করা মন্তব্যের জবাবে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকা‌রের লোকজন সবসময় মিথ্যা ব‌লেন। দে‌শে যে বন্যা চল‌ছে, আমরা নাকি বন্যা নি‌য়েও গুজব কর‌ছি! ওনারা আস‌লে সবসময় মিথ্যা ব‌লেন। এজন্য আমরা ওনা‌দের কথায় গুরুত্ব দিই না।’

বন্যায় ত্রাণ তৎপরতা নিয়ে সরকা‌রের সমালোচনা ক‌রে তিনি ব‌লেন, ‘বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ সংকট দেখা দিলেও সরকারের মন্ত্রী ও এমপিদের দেখা নেই। তারা বন্যার বিষয়টা‌কে গুরুত্ব দি‌চ্ছেন না। ক্ষতিগ্রস্ত এলাকায় যে প‌রিমাণ ত্রাণ তৎপরতা চালা‌নো দরকার, সরকার তা কর‌ছে না। ফলে দুর্গত এলাকায় ত্রাণ সংকট দেখা দি‌য়েছে।’

বানভা‌সি মান‌ু‌ষের উদ্দে‌শে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের হামলা, মামলা আর নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা আজ প্রায় নিঃস্ব হয়ে গেছে। তারপরও আমরা আমা‌দের সী‌মিত সামর্থ্য নি‌য়ে আপনা‌দের সহ‌যোগিতা কর‌তে এসে‌ছি। আমরা জানা‌তে এসে‌ছি, আমরা জনগ‌ণের সঙ্গে ছিলাম, জনগ‌ণের সঙ্গে আছি ও থাক‌বো।’

খালেদা জিয়াকে মিথ্যা মামলা দি‌য়ে সরকার অন্যায়ভা‌বে কারান্তরীণ ক‌রে রেখেছে দাবি ক‌রে তিনি ব‌লেন, ‘এ সরকার অবৈধ সরকার। সরকা‌রের জুলুম ও অন্যায় থে‌কে দেশ‌কে মুক্ত কর‌তে এবং খা‌লেদা জিয়ার মু‌ক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোল‌নে আপনারা আমা‌দের সঙ্গে যোগ দিন।’

কু‌ড়িগ্রাম জেলা বিএন‌পির আয়োজ‌নে ত্রাণ বিতরণে আরও ছি‌লেন–বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপির সভাপ‌তি তাসভীর উল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ।

আরও পড়ুন– ডেঙ্গু দমনে ব্যর্থ হয়ে সরকার এটাকে গুজব বলছে: মির্জা ফখরুল