কাঁচা মরিচের দাম কমলো কেজিতে ৪০-৪৫ টাকা

কাঁচা মরিচদিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৪০-৪৫ টাকা। দুই দিন আগেও যেখানে প্রতি কেজি মরিচ ১০৫-১১০ টাকা কেজি দরে বিক্রি হয়, সেখানে তা কমে এখন বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। বাজারে দেশীয় কাঁচা মরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর ২০ জুলাই থেকে বন্দর দিয়ে আবারও ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু হয়। ২০-২৬ জুলাই ছয় কার্যদিবসে ৩১টি ট্রাকে ২৩০ টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। পাইকারিতে প্রকারভেদে এসব মরিচ ১০৫-১১০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা কমে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি দরে। পাইকারি বাজারে দাম কমায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও ব্যবসায়ী মোস্তফা হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় মরিচের উৎপাদন কমে যায়। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় এই পণ্যের বাজার ঊর্ধ্বমুখী হয়েছিল। এ অবস্থায় দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে মরিচ আমদানি শুরু করা হয়। এ আমদানি অব্যাহত আছে। এরই মধ্যে রাজশাহী, মেহেরপুরসহ অন্যান্য অঞ্চলে দেশীয় কাঁচা মরিচ উঠতে শুরু করায় বাজারে এর সরবরাহ বেড়ে গেছে এবং দাম কমে গেছে।