ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে ফিরে এসে চিকিৎসা নিচ্ছেন দুই ডেঙ্গু রোগী। ২৭ ও ২৮ জুলাই দুই দিনে দুই রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো.জাকিরুল ইসলাম এ তথ্য জানান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নূর হোসেন ও রাশিদুল নামে দুই ব্যক্তি ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা ঢাকায় ডায়াগনসিস করে ডেঙ্গু আক্রান্ত নিশ্চিত হয়ে কুড়িগ্রাম এসেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ শুধু তাদের চিকিৎসা দিচ্ছে।
জেনারেল হাসপাতালের মেডিসিন (পুরুষ) ওয়ার্ডে ভর্তি ডেঙ্গু আক্রান্ত নূর হোসেন জানান, তিনি ঢাকায় আসাদ গেটে একটি বাসায় থাকেন এবং সেখানে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। ২২ জুলাই তিনি শরীরে ব্যথা অনুভব করলে ২৫ জুলাই শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষা করে জানতে পারেন, তিনি ডেঙ্গু আক্রান্ত। ঢাকায় কোনও স্বজন না থাকায় তিনি আজ (২৮ জুলাই) সকালে কুড়িগ্রামে ফিরে জেনারেল হাসপাতালে ভর্তি হন।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো.জাকিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত তিন জন ডেঙ্গু আক্রান্ত রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তারা সবাই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসেছেন। এরমধ্যে কামরুজ্জামান নামের একজন রোগী সেদিনই চলে গেছেন। তিনি ঢাকায় একটি বাস কাউন্টারে চাকরি করেন বলে আমরা জেনেছি। এছাড়া গত দুই দিনে দুই জন ভর্তি হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এক প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক বলেন, ‘আমাদের হাসপাতালে এনএস-১ এন্টিজেন শনাক্ত করার কোনও ব্যবস্থা নেই। তবে কোনও ডেঙ্গু আক্রান্ত রোগী এলে তার চিকিৎসা সুবিধা এখানে রয়েছে।’