পুলিশ জানায়, শঠিবাড়ি সেবা পরিবহন নামের বাসটি রংপুরে যাচ্ছিল। বাসটি চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নুসরাত ও গৃহকর্মী জান্নাত নিহত হন। এ সময় মাইক্রোবাসের চালকসহ পাঁচ জন আহত হন। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মাইক্রোবাস চালকের অবস্থা গুরুতর।
ওসি আরও জানান, নুসরাতের সঙ্গে থাকা শিশু সন্তান সুস্থ রয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে মাইক্রোবাসের চালকসহ আহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।