কুড়িগ্রাম থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের একজন গ্রেফতার

গ্রেফতার মাইদুল ইসলামপ্রশ্নপত্র ফাঁসকারী চক্রের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মাইদুল ইসলাম। শুক্রবার (৩০ আগস্ট) ভোরে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার চাদনীবজরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার বিষয়টি নিশ্চিত করে জানান, তার কাছে থেকে দুটি মোবাইল ফোন, একটি মেমোরি কার্ড, তিনটি সিম কার্ড ও একটি বিকাশ সিম কার্ড উদ্ধার করা হয়।  

র‌্যাব জানায়, শুক্রবার শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল। সেই পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের লোভ দেখিয়ে মাইদুল ইসলাম বিকাশ সিম কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন করেন। মাইদুলের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর জেলার চাঁদনী বজরা গ্রামে। তার বাবার নাম ফুলবাবু।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।