হিলিতে ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর

দিনাজপুরের হিলিতে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষে ইমন হোসেন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় ইসরাফিল আলম (১৫) নামে মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে হিলির নওপাড়াস্থ পৌরসভা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হাকিমপুর থানার এসআই সোহেল রানা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমন হোসেন হিলির মুহারাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আর আহত ইসরাফিল একই এলাকার তনছের হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (শুক্রবার) বিকালে ইমন তার বন্ধু ইসরাফিলকে নিয়ে মোটরসাইকেলে করে হিলির সাতকুড়ি রেলগেট এলাকা থেকে বাড়ি ফিরছিল। পথে নওপাড়াস্থ পৌরসভা মোড়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইমন মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা ইমন ও ইসরাফিলকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ইমনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। আর ইসরাফিল হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।