গাইবান্ধায় মাদক মামলায় লিলি বেগম ও তার সহযোগী রিজু মণ্ডলকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয়মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। এসময় লিলি বেগম আদালতে উপস্থিত ছিল। তবে রিজু মণ্ডল পলাতক রয়েছে।
দণ্ডপ্রাপ্ত লিলি বেগম (৪২) সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের মৃত সজল কসাইয়ের স্ত্রী। তার বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে আরও তিন মামলা রয়েছে। রিজু মণ্ডল একই এলাকার বাসিন্দা।
জজ আদালতের পিপি শফিকুল ইসলাম শফিক জানান, ২০১৭ সালের ১৩ অক্টোবর বড় গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে লিলি বেগমের বাড়ি থেকে কাপড়ের ব্যাগে মোড়ানো ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় লিলি বেগম পালিয়ে গেলেও তার সহযোগী রিজু মণ্ডলকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় লিলি ও আটক রিজুর বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর অভিযোগ গঠন করেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত রায় দেন।