বাবার অনুরোধে ইয়াবা ব্যবসায়ী আটক

পঞ্চগড়পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী রাসেল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে ভজনপুর এলাকায় মাদক বিক্রি ও সেবনের সময় তাকে আটক করা হয়। এ সময় তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
রাসেল বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং আওয়ামী লীগ নেতা তফিজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রাসেল বাংলাবান্ধা স্থলবন্দরে তার বাবার পাথর আমদানি-রফতানি ব্যবসা পরিচালনা করে আসছিল। এই সুযোগে সে ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা করতো। এ ঘটনায় তার বাবা তাকে গ্রেফতারের জন্য পুলিশের কাছে অনুরোধ করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, ‘রাসেলকে আটকের জন্য বেশ কয়েকবার অভিযান চালালেও সে পালিয়ে যায়। অবশেষে সোমবার রাতে তাকে আটক করা হয়েছে।
এ ঘটনায় রাসেলসহ তার তিন সহযোগীকে আসামি করে মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- একই এলাকার মামুন (২৫), শাকিরুল (২৩) ও আরিফ (২০)। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।