কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফেনসিডিলসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুটিচন্দ্রখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর ক্যাম্পের সদস্যরা ৬ বোতল ফেনসিডিলসহ ওই পুলিশ কনস্টেবলকে আটক করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আটক পুলিশ কনস্টেবলের নাম জাহাঙ্গীর আলম (৩৭)। তিনি কুড়িগ্রামের নামাজের চর পুলিশ ফাঁড়িতে কর্মরত। তার বিপি নম্বর-৬৮৬। পুলিশ জানায়, জাহাঙ্গীরের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তরিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে।