রংপুর র্যাব-১৩ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আনম ইমরান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বৃহস্পতিবার বিকালে র্যাব-১৩ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলা হয়।
র্যাব জানায়, তাদের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে রংপুর-ঢাকা মহাসড়কের সামেরহাট মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ছোট কাভার্ডভ্যানে তল্লাশি করে বিশেষ পদ্ধতিতে রাখা ৯৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী মো. সুজন মিয়া ও মো. আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী রংপুর জেলার কাউনিয়া উপজেলার চণ্ডিপুর গ্রামে গ্রেফতারদের সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ী মো. আবুল হোসেনের বাসায় অভিযান চালানো হয়। পরে বাড়ির সামনে রাখা একটি ট্রাকের বডিতে বিশেষ পদ্ধতিতে রাখা ৫৯ কেজি গাঁজা এবং ২৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ।
এ ঘটনায় আরও দুই মাদক ব্যবসায়ী আবুল ও তার স্ত্রী আলেয়া বেগমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চার মাদক ব্যবসায়ী তাদের অপরাধের কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে র্যাব-১৩ এর মিডিয়া অফিসার ইমরান খান জানান, গ্রেফতার চার মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক রংপুরের আশপাশের জেলায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।