৯শ’ টাকার জন্য স্ত্রীর গায়ে আগুন দিলো স্বামী

স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূকুড়িগ্রামে সেলাই কাজ করে পাওয়া ৯শ’ টাকা না দেওয়ায় ইসমত আরা নামে এক গৃহবধূর গায়ে তার স্বামী আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অগ্নিদগ্ধ গৃহবধূ ইসমত আরাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে রাজারহাট উপজেলার মেকুরটারি গ্রামে এ ঘটনা ঘটে। রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার এর সত্যতা নিশ্চিত করেছেন।

৫ বছর আগে রংপুরের শ্যামপুর এলাকার ইসমত আরার সঙ্গে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেকুরটারি গ্রামের নির্মাণ শ্রমিক শহিদুলের বিয়ে হয়। তাদের চার বছরের একটি ছেলেও রয়েছে।

অগ্নিদগ্ধ ইসমত আরা জানান, কিছু দিন ধরে প্রায়ই শহিদুল তাকে টাকার জন্য চাপ দিচ্ছিলো। কয়েকদিন আগে সেলাই করে ৯শ’ টাকা পেয়েছিলেন। এরমধ্যে ৮০০ টাকা তিনি পাওনাদারকে দিয়েছেন। শহিদুলকে ওই টাকা না দেওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। মঙ্গলবার রাতে এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে ইসমত আরার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী শহিদুল। তখন ইসমত আরা জীবন বাঁচাতে নিজের শরীরে পানি ঢেলে দেন। পরে তার ভাসুর এসে তাকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বুধবার (২ অক্টাবর) দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের (মহিলা) গিয়ে দেখা যায়, যন্ত্রণায় ইসমত আরা কাতরালেও তার পাশে কোনও স্বজন নেই।

অগ্নিদগ্ধ ইসমত আরা বলেন, ‘আমার বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। তারা হয়তো চলে আসবেন। সকালে তার শাশুড়ি দেখতে এসেছেন। পরে তিনি চলে গেছেন। তাকে দেখাশোনা করছেন পাশের বেডের এক রোগীর স্বজনরা। তার স্বামী ঘটনার পর থেকে পলাতক।’

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান, ‘ইসমত আরার শরীরের ১০ ভাগ পুড়ে গেছে। আশা করা যায় তিনি সুস্থ হয়ে উঠবেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে। সরবরাহ নেই এমন ওষুধ কেনার জন্য সমাজসেবা অধিদফতরের সহায়তা নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার বলেন, ‘বিষয়টি জানতে পেরে একজন অফিসারকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’