দেশে ধর্মীয় বিভেদ নেই: খালিদ মাহমুদ

পূজামণ্ডপে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে খালিদ মাহমুদ (ছবি– প্রতিনিধি)

দেশে ধর্মীয় কোনও বিভেদ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘এবারের শারদীয় দুর্গোৎসব ভিন্ন মাত্রা যোগ করেছে। দুর্গার আগমনকে কেন্দ্র করে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। যারা ক্ষমতার অপব্যবহার করে অনাচার ও অন্যায়ে জড়িত ছিল, প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ধীরে ধীরে দেশের সব জায়গায় এই অভিযান চালানো হবে। আমরা সুশাসন তৈরি করতে বদ্ধপরিকর। ধর্ম ও বর্ণের মধ্যে সহাবস্থান নিশ্চিত করা হয়েছে গত ১০ বছরে।’

শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের বিরল উপজেলা অডিটরিয়ামে আয়োজিত পূজামণ্ডপে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী। বাংলাদেশ আজ উন্নয়নের সব সূচকে এগিয়ে যাচ্ছে। বর্তমানের মতো আগামীতেও দেশে সরকার ও বিরোধীদল দলসহ সব রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে। কোনও সাম্প্রদায়িক শক্তি তা বিনষ্ট করতে পারবে না। ধর্মকে ব্যবহার করে এদেশে আর কেউ কোনোদিন রাজনীতি করতে পারবে না। এদেশ পরিচালিত হবে ধর্ম নিরপক্ষভাবে। ধর্ম যার যার, উৎসব সবার—এটি বর্তমানে প্রতিষ্ঠিত।’

বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নিবার্হী কর্মকর্তা এবিএম রওশন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, বিরল উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রমাকান্ত রায়, সদস্য সচিব সুবল চন্দ্র রায় প্রমুখ।