ঠাকুরগাঁওয়ে দুদকের অভিযান: নগদ অর্থসহ শিক্ষা অফিসার আটক

জেলা প্রাথমিক অফিসে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানসহ এক কর্মচারীকে আটক করেছে দুদক। সোমবার সকালে দিনাজপুর দুদকের একটি টিম ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে।

দুদক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি টিম ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসে অভিযান চালায়। এসময় অফিস সহকারী জুলফিকার আলী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানের হাতে ৫০ হাজার টাকা তুলে দেওয়ার সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানের বাসভবনেও তল্লাশি চালায় দুদক।

দিনাজপুর দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাদের নগদ অর্থসহ অফিস থেকে আটক করা হয়েছে। শিক্ষক নিয়োগের সঙ্গে ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসের কিছু কর্মকর্তা জড়িত রয়েছেন বলে তিনি জানান। আটক দুজনকে দুদক আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, দুদকের একটি টিম দুইজনকে আটক করে থানায় দিয়েছে। আটকদের বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে।