এসময় ঘটনাস্থলে আসা স্থানীয় গ্রামবাসী উদ্ধার কার্যক্রমের নামে গরু ব্যবসায়ীদের কাছে থাকা টাকা হাতিয়ে নেওয়াসহ কয়েকটি গরু লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলংগা ইউনিয়নের রানীনগর গ্রামের হান্নান মিয়া (৪০) ও একই এলাকার ইয়াকুব আলী (২২)।
আহতরা হলেন- সদরুল আমিন (৩৫), আবদুল করিম (৩৫), মারুফ মিয়া (৩২), রহমত মিয়া (৩৫), ইয়াকুব হোসেন (৩০) ও খলিল মিয়া (৩৫)। এদের মধ্যে রহমত মিয়া ট্রাকচালক ও ইয়াকুব তার সহকারী। তাদের উদ্ধার করে রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ভোর সাড়ে চারটার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি গরুবোঝাই ট্রাক চক শোলাগাড়ী এলাকায় পৌঁছালে রংপুরগামী এনা পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা গরু ব্যবসায়ী হান্নান মিয়া নিহত হন। পরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরেক গরু ব্যবসায়ী ইয়াকুব আলী মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জেলানি বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। নিহতের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া গরু ব্যবসায়ীদের কাছে থাকা টাকা ও গরু লুটের ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।