রাস্তা নির্মাণ কাজে বিএসএফের বাধার অভিযোগ

Kurigram-Border-Road-photo--30.10.19কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাঁশজানি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার কারণে প্রায় ৫০ মিটার দৈর্ঘের একটি পাকা রাস্তা ও এক বাংলাদেশির একটি আধাপাকা বাড়ি নির্মাণের কাজ বন্ধ রয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি কওমী মাদ্রাসা থেকে পশ্চিম বাঁশজানি পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়েছে। কিন্তু, বাঁশজানি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে উত্তরে প্রায় ৫০ মিটার রাস্তা নির্মাণে ভারতের দীঘলটারী ক্যাম্পের বিএসএফ বাধা দেয়। শুধু তাই নয়, ওই স্থানে শফিকুল ইসলাম (৫৬) নামের এক ব্যক্তির আধাপাকা বাড়ি নির্মাণেও আপত্তি জানিয়েছে বিএসএফ। ফলে ওই স্থানে রাস্তা ও বাড়ি নির্মাণের কাজ বন্ধ রয়েছে।

বাড়ির মালিক শফিকুল ইসলাম বলেন, ‘ভিটে বাড়ির সাত শতক জমি ছাড়া আমার কোনও জমি নাই। আগে টিনের ঘর ছিল। এখন আধাপাকা বাড়ি তৈরি শুরু করেছি। দেয়ালের গাঁথুনি হওয়ার পর বিএসএফের আপত্তির কারণে বিজিবি বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।’

এ প্রসঙ্গে বিজিবি ময়দান ক্যাম্পের বিওপি কমান্ডার হাবিলদার শামসুল আলম জানিয়েছেন, ‘সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে পড়ায় বিএসএফ রাস্তা ও বাড়ি নির্মাণে বাধা দিয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে কোনও দেশই পাকা স্থাপনার কাজ করতে পারবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশ মোতাবেক পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে।’

ভুরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান,  ‘বিএসএফের আপত্তির কারণে প্রায় এক মাস থেকে  রাস্তা পাকাকরণ কাজ বন্ধ রয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হলে ওই অংশ বাদ দিয়ে সড়কের বাকি অংশ পাকা করা হবে।’