কু‌ড়িগ্রামের তাপমাত্রা ১৪ ডি‌গ্রি সেলসিয়াস, শৈত্যপ্রবাহের আশঙ্কা

কুয়াশার চাদরে ঢাকা কুড়িগ্রাম জেলা

কু‌ড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ। কুয়াশায় ঢেকে আছে পুরো জেলা। সকাল গ‌ড়িয়ে দুপুর হলেও মিলছে না সূর্যের দেখা। দুপুরের পর থেকে জেলার তাপমাত্রা হ্রাস পেতে শুরু করে। ফলে রাতে ও সকালে তীব্র শীত অনুভূত হয়।

রাজারহাট কৃ‌ষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত কু‌ড়িগ্রামের সর্ব‌নিম্ন তাপমাত্রা ১৪ ডি‌গ্রি সেল‌সিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও আকাশ মেঘ আর কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকায় মঙ্গলবার দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

তিনি আর জানান, আগামীতে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। দুই-চার দিনের মধ্যে জেলায় শৈত্য প্রবাহ বয়ে যা‌ওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলার চরাঞ্চালে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানকার অ‌ধিবাসীরা আগুন জ্বালিয়ে ঠাণ্ডা নিবারণের চেষ্টা করছে। জেলার চরাঞ্চলেও দিনের বেলায় ঠাণ্ডা কিছুটা কম থাকলেও রা‌ত ও সকালে তীব্র শীত অনুভূত হয়।