বিরলে অগ্নিকাণ্ডে ৪৫টি ছাগল পুড়ে ছাই

ছাগলের খামারে অগ্নিকাণ্ড

দিনাজপুরের বিরলে ছাগলের খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৫টি ছাগল পুড়ে ছাই হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার রবিপুর গ্রামে আদনান-মুন্নার যৌথ ছাগলের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বিরল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

খামারের স্বত্বাধিকারী আদনান জানান, তাদের খামারে দেশি-বিদেশি উন্নত হরিয়ানা জাতের পাঁঠা ও টিয়ামুখী জাতের প্রায় ৪৫টি ছাগল আগুনে পুরে মারা গেছে। কিভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে জানাতে পারেননি তিনি।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত আরা।