নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, জেলার প্রায় ৫০ কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। সীমান্ত এলাকায় কাঁটাতারের কাছাকাছি যাওয়া এবং কাঁটাতার কাটার মতো ঝুঁকিপূর্ণ কাজ না করার জন্য সীমান্তবর্তী এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে।
ভারত সীমান্তবর্তী এলাকাবাসীকে কাঁটাতার সংলগ্ন এলাকায় ঘোরাফেরা ও চলাচল না করার জন্য পরামর্শ দিয়েছে বিজিবিও। নীলফামারী বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক বলেন, আমরা চাই না সীমান্তে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক। তাই সীমান্তবাসী যাতে কোনোভাবেই কাঁটাতার সংলগ্ন এলাকায় না যায়, সে জন্য প্রচারণা চালানো হচ্ছে।
লে. কর্নেল মামুনুল হক জানান, সীমান্তে টহল জোরদার করেছে বিএসএফ। সীমান্ত এলাকায় ভারত রেড অ্যালার্ট জারি করেছে। ফলে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি কোনও মানুষ দেখলে বিএসএফ গুলি করছে। সম্প্রতি পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নওগাঁসহ বিভিন্ন সীমান্তে বিএসএফ-এর গুলিতে বেশ কয়েকজন বাংলাদেশি প্রাণ হারায়। নীলফামারী সীমান্তও ঝুঁকির মধ্যে রয়েছে। ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে প্রতি বছরই ভারত সরকার সীমান্ত সিল করে থাকে। এবারও ভারতের উত্তরবঙ্গ ও পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোর সড়ক ও রেলপথসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে তারা।