সুন্দরবনে ৫০ কেজি কাঁকড়া জব্দ

 

সাতক্ষীরা জেলাসাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে ৫০ কেজি কাঁকড়া ও ১১০০টি আটন (কাঁকড়া ধরার বিশেষ ফাঁদ) জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৭টার দিকে সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে এসব জব্দ করা হয়।

স্মার্ট পেট্রল টিমের দলপতি কৈখালী বন স্টেশন কর্মকর্তা (এসও) কামরুল হাসান জানান, অভিযানের সময় সংঘবদ্ধ জেলের দল সুন্দরবনে লুকিয়ে পড়ে। সুন্দরবনের বিভিন্ন নদীতে চলমান কাঁকড়া প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে টহল চলছে। রায়মঙ্গল নদী থেকে ২টি নৌকা, ৫০ কেজি কাঁকড়া ও কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত ১ হাজার একশটি আটন জব্দ করা হয়। নৌকা ও আটনগুলো কাচিকাটা বন অফিসে হস্তান্তর ও জব্দ কাঁকড়া কাচিকাটা নদীতে অবমুক্ত করা হয়েছে।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এমএ হাসান বলেন, ‘রফতানিযোগ্য সাদা সোনা খ্যাত কাঁকড়ার প্রজনন বৃদ্ধিতে সুন্দরবনের নদীতে টহল জোরদার করা হয়েছে।’