জেলা কৃষি বিভাগের তথ্য মতে, এ বছর জেলার ছয় উপজেলায় তিন হাজার ৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। অপরদিকে, স্থানীয় তামাক ব্যবসায়ীরা বলছেন, তাদের হিসাবে নীলফামারী জেলায় তামাক চাষ হয়েছে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে।
কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হচ্ছে। এরপরও বিড়ি ও সিগারেট কোম্পানিগুলোর লোভনীয় আশ্বাসে কিছুতেই থামছে না তামাক চাষিরা। মাঠের পর মাঠ তামাক ক্ষেত।
জেলা সদরের ইটাখোলা, লক্ষ্মীচাপ, কচুকাটা, টুপামারী, পঞ্চপুকুর, গোড়গ্রাম, খোকশাবাড়ি, কুন্দপুকুর, চাপড়া সরেমজামি, সোনারায়, সংগলশী; জলঢাকা উপজেলার খুটামারা, কাঠালী, কৈমারী, শৌলমারী, মীরগঞ্জ, গোলনা, বালাগ্রাম, ডাউয়াবাড়ি, গোলমুণ্ডা; ডিমলা উপজেলার সদর, বালাপাড়া, নাউতারা; ডোমারের সদর, হরিণচড়া, বোড়াগাড়ী, জোড়াবাড়ি, বামুনিয়া, কেতকীবাড়ি, ভোগডাবুড়ি এবং কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ও পুটিমারী এলাকায় সব চেয়ে বেশি তামাক আবাদ হয়েছে।
অপর চাষি মুক্তা আক্তার বলেন, ‘দুই বিঘা জমিতে তামাক চাষে ১০ হাজার টাকা খরচ করেছি। এখান থেকে ৩০-৩৫ হাজার টাকা পাওয়া যাবে। কোনও কোনও সময় ৫০ হাজার টাকাও পাওয়া যায়; যা ধান, আলু, মরিচ, কপি বা সরিষা চাষ করে পাওয়া যায় না।’
বাবা-মার সঙ্গে তামাক ক্ষেতে কাজ করা শিশু সুমাইয়া আক্তার বলেন, ‘আজ স্কুলে না গিয়ে মা বাবার সঙ্গে জমিতে পানি দিতে এসেছি।’
চার বিঘা জমিতে তামাক চাষ করেছেন একই গ্রামের সুলতান আলী। তিনি বলেন, ‘আমার ২০ হাজার টাকা খরচ হয়েছে। শ্যালো মেশিন ভাড়া করে এনে জমিতে পানি দিচ্ছি।’
জেলা সদরে লক্ষ্মীচাপ ইউনিয়নের মাঠে সবজির চেয়ে তামাক চাষ বেশি হচ্ছে বলে জানান কৃষক গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘বেশ কিছু চাষি তামাক কোম্পানির প্রলোভনে পড়ে এই মৌসুমে বোরো, গম, ভুট্টাসহ অন্য রবিশস্য আবাদ কমিয়ে তামাক চাষের প্রতি ঝুঁকেছেন।’
শুধু নীলফামারী নয়, তামাক কোম্পানিগুলোর আর্থিক সহযোগিতায় দেশের উত্তরাঞ্চলের অন্য জেলাগুলোতে তামাক চাষ বাড়ছে বলে সচেতন মহলের অনেকেই জানিয়েছেন। তারা বলছেন, কোম্পানিগুলো বিনা মূল্যে তামাক বীজ, বিনা সুদে ঋণ, সার ও নগদ অর্থ সরবরাহ করছে।
তামাক চাষিদের অভিযোগ, তামাক কোম্পানির কর্মীরা প্রতিদিন মাঠে গিয়ে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু, কৃষি বিভাগের পক্ষ থেকে অন্য ফসল উৎপাদনে এ ধরনের উদ্যোগ দেখা যায় না। বোরো মৌসুমে বীজতলা, সবজি ও ফসলের ক্ষেত নষ্ট হলেও কৃষি অফিসের লোকজনকে সংবাদ দিয়েও পাওয়া না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস বলেন, ‘খরচ কম, লাভ বেশি। তাই অতিরিক্ত মুনাফার আশায় ক্ষতির কথা চিন্তা না করে কৃষকরা দিন দিন ঝুঁকে পড়ছে তামাক চাষে। ফলে চাষি ও তার পরিবারের সদস্যদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং ফসলি জমি উর্বরতা হারাচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের এসব বিষয়ে সচেতন করা হচ্ছে।’