আজ দুপুর ১টার দিকে হাসপাতালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মেডিক্যাল বোর্ডের প্রধান মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দেবেন্দ্র নাথ।
তিনি বলেন, ‘শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই শিক্ষার্থীর রক্ত পরীক্ষার জন্য ঢাকায় রোগ তত্ত্ব বিভাগে পাঠানো হয়েছে। সেখান থেকে রক্ত পরীক্ষার রিপোর্ট পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
ডা. দেবেন্দ্র নাথ আরও বলেন, ‘সকাল ৯টার দিকে ১২ সদস্যের মেডিক্যাল বোর্ড শিক্ষার্থীর শরীর পরীক্ষা করেছে। তার জ্বর ও শ্বাসকষ্ট নেই, তবে সে বুকে ব্যথা অনুভব করছে বলে জানিয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর মেডিক্যাল বোর্ড নিশ্চিত হয়েছে, তিনি ভাইরাসে আক্রান্ত নন। তারপরও ১৪ দিন পর্যক্ষণে রাখা প্রয়োজন। ইতোমধ্যে ১২ দিন পার হয়েছে।’
প্রসঙ্গত, চীন ফেরত বাংলাদেশি শিক্ষার্থী জ্বর ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার বাড়ি নীলফামারী জেলায়। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী চীনে একটি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তিনি আড়াই বছর ধরে চীনে অবস্থান করে লেখাপড়া করে আসছেন। গত ২৯ জানুয়ারি তিনি থেকে নেপাল হয়ে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। এরপর বাসায় ফিরলে জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে স্থানীয়ভাবে চিকিৎসা নেন তিনি। এরপর তাকে শনিবার দুপুর একটার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পরপরই তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।