অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ে দেশের ক্রীড়াঙ্গনে সামগ্রিক আত্মবিশ্বাস বেড়েছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার বোচাগঞ্জে সানু-মামুন স্মৃতি ভলিবল টুর্নামেন্ট ২০২০ ও ফিরোজ্জামান স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ক্রীড়াপ্রেমী সরকার। খেলাধুলার প্রতি সরকারের গভীর মনোযোগ রয়েছে। এ জন্যই বিশ্বজয় করতে পেরেছি। আগামী দিনে আমরা অন্যান্য ইভেন্টেও বিশ্বজয় করবো।
ক্রীড়াক্ষেত্রে বঙ্গবন্ধু পরিবারের অসামান্য অবদান তুলে ধরে নৌ-প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু পরিবারের মতো ক্রীড়াপ্রেমী পরিবার বিশ্বে দ্বিতীয়টি নেই। এ পরিবারের সবাই দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রত্যক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। ক্রিকেটে আমাদের যুবকরা বিশ্বজয় করেছে। আমরা বিশ্বাস করি, আগামী দিনে আমরা আরও বড় সাফল্য পাব।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবু হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী প্রমুখ।