শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের খুনিয়ারপাড়া গ্রামের ছোলায়মানের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ছোলায়মানের ছেলে সাইদুল সন্ধ্যার পর গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে দেন। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে গোয়াল ঘরে আগুন জ্বলে উঠে। মুহূর্তেই আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাইবান্ধা থেকর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে কাঁচা টিনের ঘরসহ অন্তত ১৪টি বসতঘর পুড়ে যায়।
আগুনে প্রায় ৪০ হাজার টাকার মূল্যের একটি গরুসহ প্রত্যেকের ঘরের ধান, চাল, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে সবমিলে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের।
গাইবান্ধা সার্ভিসের উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গোয়াল ঘরে জ্বালানো কয়েলে থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শেষ মুহূর্তে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে ১৪টি টিনের কাঁচাঘর, আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে নগদ টাকাসহ প্রয়োজনীয় সহযোগিতার কথা জানিয়েছেন সাদুল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহারিয়া খাঁন বিপ্লব।