হোম কোয়ারেন্টিন না মেনে নিজ বাড়িতে জনসমাগম ঘটিয়ে খাওয়ার আয়োজন করায় বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) ওই জরিমানা আদায় করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন। নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম একথা জানিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, ঢাকা থেকে এসে ওই ব্যক্তি হোম কোয়ারেন্টিনে না থেকে বাড়িতে লোক সমাগম ঘটিয়ে খাওয়ার আয়োজন করে। এজন্য সংক্রামক ব্যাধি আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।
মিনহাজুল ইসলাম বলেন, ‘বৃস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা থেকে এসে হোম কোয়ারেন্টিন মেনে বাড়িতে আছি। সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার কর্মহীন ও অতিদরিদ্র মানুষকে মায়ের হাতের রান্না করা খিচুড়ি বিতরণ করি। একটি ভুল সংবাদের ভিত্তিতে আমাকে এই জরিমানা করা হয়। অবশ্যই আমি আইনের আশ্রয় নেবো।’
শনিবার (১১ এপ্রিল) সকালে সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, বৃহম্পতিবার (৯ এপ্রিল) ঢাকা থেকে এসে নিজ বাড়িতে অবস্থান করেন মিনহাজুল। ওই দিন থেকে তার হোম কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্ত তিনি তা না করে উল্টো বাড়িতে জনসমাগম ঘটিয়ে এলাকার মানুষকে খাওয়ানোর আয়োজন করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একদল পুলিশ নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে সরকারি নিয়ম ভাঙার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। আর ১৪ দিন হোম কোয়ারেন্টিনে পাঠায়।