নারায়ণগঞ্জ থেকে গাইবান্ধায় ফেরা শ্রমিক করোনা পজেটিভ

করোনা শনাক্তের পর কয়েকটি পরিবারকে লকডাউন করেখেছে প্রশাসননারায়ণগঞ্জ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেরা এক গার্মেন্ট শ্রমিক করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাতে গোবিন্দগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা জনাব ডা. মজিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আক্রান্ত গার্মেন্টস শ্রমিক গোবিন্দগঞ্জের শালমারা ইউপির মিরাপাড়া গ্রামের বাসিন্দা। গত ২৬ মার্চ নারায়ণগঞ্জ থেকে তিনি বাড়িতে যান। এর দু’দিন পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি৷ তার অসুস্থতার খবর পেয়ে ৮ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়। পরীক্ষার পর শনিবার বিকালে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে৷ আক্রান্ত ব্যক্তিকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া পরিবারের সদস্য ও আশপাশের সংস্পর্শে আসা কয়েকটি পরিবারকে লকডাউন করে রাখা হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান জানান, সন্ধ্যায় পুলিশ-প্রশাসন ও চিকিৎসকরা গ্রামে গিয়ে আক্রান্ত ব্যক্তি, পরিবার ও আশপাশের লোকজনকে লকডাউন করে রেখেছে। গোবিন্দগঞ্জে এটাই প্রথম করোনা রোগী শনাক্ত হলো। সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য প্রত্যেককে ঘরে থাকার আহ্বান জানান তিনি।

এ নিয়ে গাইবান্ধায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ছয় জনে। আক্রান্তদের মধ্যে তিন জন হাসপাতাল ও দুই জন নিজ বাড়ির আইসোলেশনে রয়েছে।