সর্দি-জ্বরের চিকিৎসা সেবায় ডেনিস বাংলাদেশ লেপ্রসি মিশন

নীলফামারীনীলফামারীতে করোনাভাইরাস মোকাবিলা এবং সংক্রমণ এড়াতে সর্দি-হাঁচি-কাশি-জ্বরে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে ডেনিস বাংলাদেশ লেপ্রসি মিশন। জেলা প্রশাসনের আয়োজনে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গত ৮ এপ্রিল থেকে এ কার্যক্রম শুরু হয়।

রবিবার (১২ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, সর্দি-হাঁচি-কাশি ও জ্বরে আক্রান্ত রোগীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে চিকিৎসাসেবা নিচ্ছেন। সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে সেবা দিচ্ছেন চিকিৎসকরা।

জেলা শহরের বাড়াইপাড়া মহল্লার আনিছুর রহমান (৫০) বলেন, 'আমার হালকা জ্বর ও গলা ব্যথা। চিকিৎসকরা চেম্বারে নেই, তাই মাইকিং শুনে এখানে এসেছি। তারা ওষুধ লিখে দিয়েছেন এবং কিছু নিয়ম মেনে চলতে বলেছেন।' 

সেবাকেন্দ্রের চিকিৎসক বেনজামিন জুয়েল রোজারিও বলেন, 'করোনাভাইরাস সংক্রমণের কারণে সাধারণ রোগীরা অনেক ক্ষেত্রে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের চিকিৎসাসেবা নিশ্চিৎ করতে ডেনিস বাংলাদেশ লেপ্রসি মিশনের বাস্তবায়নে ও জেলা প্রশাসনের আয়োজনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।'

অপরদিকে, ওই সেবা কেন্দ্রের চিকিৎসক পার্থ প্রদীপ প্রামাণিক বলেন, ‌'দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় আমরা বিনা মূল্যে জ্বর-সর্দি-কাশি ও গলা ব্যথার চিকিৎসা দিচ্ছি। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই সেবা দিচ্ছি।'

তিনি আরও জানান, শুরু থেকে আজ পর্যন্ত ৮৮ জন সর্দি-কাশি ও গলা ব্যথার রোগী এই ক্যাম্পে সেবা নিয়েছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী বলেন, 'করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। এতে করে সাধারণ রোগীরা চিকিৎসা সেবার আওতায় আসবে।'