হাসপাতাল থেকে পালানো সেই যুবক করোনা আক্রান্ত নন

পাবনা জেনারেল হাসপাতালপাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে আসা দিনাজপুরের হিলির মোস্তাক আল মামুন (২৫) করোনাভাইরাসে আক্রান্ত নন। রবিবার (১২ এপ্রিল) সকালে জানা গেছে, হাসপাতালে থাকাকালীন তার শরীর থেকে গৃহীত নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে আইইডিসিআর জানিয়েছে।

জানা যায়, মোস্তাক আল মামুন হিলির খট্টামাধবপাড়া গ্রামের আনিছুর রহমানে ছেলে। তিনি গত ৫ এপ্রিল পাবনাতে তার শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিলেন। ওই সময় স্বজনরা তার জ্বর, সর্দির লক্ষণ দেখে পুলিশকে খবর দেন। পরে করোনা আক্রান্ত সন্দেহে তাকে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। পরে সেখান থেকে পালিয়ে আসেন মামুন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাজমুস সাঈদ বাংলা ট্রিবিউনকে জানান, পাবনা জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে আসার পর মামুন ও তার পরিবারের সদস্যদের নিজ বাড়িতেই ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়। তবে পাবনা হাসপাতালে থাকাকালীন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছিল, আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষার সেই  রিপোর্ট এসেছে। তাতে ওই যুবকের শরীরে করোনা ভাইরাস নেই বলে জানানো হয়েছে। তবে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন সম্পন্ন করতে হবে।