ত্রাণের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর সড়ক অবরোধ

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দিনাজপুর সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষেরা ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। সোমবার (২০ এপ্রিল) দিনাজপুর বিদ্যুৎ সমিতি-১ এর সামনের দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের কয়েকশ' পরিবার।

নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর দাবি করে, ইউনিয়ন পরিষদ থেকে তারা কোনও প্রকার সহায়তা পায়নি।  ইউপি সদস্য তাদের সহায়তা দেওয়ার কথা বলে ভোটার আইডির ফটোকপি কয়েকবার নিয়ে গেলেও পরে কোনও প্রকার যোগাযোগ করেননি। 

এ সময় তারা ত্রাণের দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। সড়ক অবরোধের কারণে রাস্তার উভয় পাশে জরুরি কাজে নিয়োজিত যানবাহনগুলো আটকে পড়ে।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জর্জিস সোহেল বলেন, 'আমরা ইউনিয়ন পরিষদ থেকে যা পেয়েছি, তা চাহিদার তুলনায় অনেক কম। ওয়ার্ডে সাড়ে ৪ হাজার ভোটার তার পরিবর্তে আমি পেয়েছি কয়েকশ' প্যাকেট ত্রাণ; যা দিয়ে চাহিদা মেটানো অসম্ভব। তবুও আমাদের সাধ্য মতো তাদের পাশে দাঁড়িয়েছি।'

৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জীবন কুমার রায় বলেন, 'আমি পরিষদ থেকে ৩৮টি ত্রাণের কার্ড পেয়েছি; যার মধ্যে ১২টি কার্ড ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় পরিবারের মাঝে বিতরণ করেছি। বাকিগুলো বিভিন্ন সম্প্রদায়ের গরিব মানুষের মাঝে দিয়েছি।'

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাগফুরুল হাসান আব্বাসী বলেন, ‘ইতোমধ্যে আমরা এই সম্প্রদায়ের মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার সবার জন্য ত্রাণের ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে। যারা পাননি পর্যায়ক্রমে তাদের দেওয়া হবে। ইউএনওর এমন আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন।

এ সময় উপস্থিত  ছিলেন সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।