নারায়ণগঞ্জ থেকে এসে করোনায় আক্রান্ত, ২০ প‌রিবার লকডাউন

করোনাভাইরাস

কুড়িগ্রা‌মে আরও একজন ক‌রোনা রোগী হি‌সে‌বে শনাক্ত হ‌য়ে‌ছে। সম্প্রতি তি‌নি স‌র্দি, জ্বর নি‌য়ে নারায়ণগঞ্জ থে‌কে কু‌ড়িগ্রা‌মে এসেছেন। সোমবার (২০ এপ্রিল) ওই ব‌্যক্তির নমুনা পরীক্ষায় ক‌রোনা প‌জে‌টিভ আসে বলে জা‌নি‌য়ে‌ছেন কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম। এ‌ নি‌য়ে জেলায় তিন জন ক‌রোনা রোগী শনাক্ত হ‌লো।

ক‌রোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি সদর উপ‌জেলার বেলগাছা ইউ‌নিয়নের সোনাআলুরপাঠ গ্রামে। এ ঘটনায় আক্রান্ত ওই ব‌্যক্তি‌কে আইসো‌লেশ‌নে নেওয়ার পাশাপা‌শি তার বা‌ড়ি ও আরও ১০টি বা‌ড়ি লকডাউন ক‌রে‌ছে প্রশাসন। এছাড়াও ওই ইউনিয়নের প‌শ্চিম কল‌্যাণ গ্রা‌মে আক্রান্ত ব‌্যক্তির শ্বশুরবা‌ড়ি এলাকায় ১০টি বা‌ড়িও লকডাউন করা হ‌য়ে‌ছে।

ডা. নজরুল ইসলাম জানান, ১৬ এপ্রিল ওই ব‌্যক্তির নমুনা সংগ্রহ ক‌রে পাঠা‌নো হয়। ১৩ এপ্রিল তি‌নি নারায়ণগঞ্জ থে‌কে সামান‌্য জ্বর, স‌র্দি নি‌য়ে‌ কু‌ড়িগ্রা‌মে ফি‌রে আসেন। তার উপসর্গ বৃদ্ধি পে‌লে স্বাস্থ‌্য বিভা‌গ নমুনা সংগ্রহ ক‌রে পরীক্ষার জন‌্য পাঠায়। সোমবার ফ‌লে ক‌রোনা প‌জে‌টিভ পাওয়া যায়। 

তিনি আরও ব‌লেন, ‘আক্রান্ত ব‌্যক্তি‌কে আইসো‌লেশ‌নে নেওয়া হ‌য়ে‌ছে। ওই ব‌্যক্তি কু‌ড়িগ্রা‌মে ফি‌রে আসার পর তার শ্বশুরবা‌ড়ির লোকজ‌নের সংস্প‌র্শে এসে‌ছি‌লেন ব‌লে আমরা জান‌তে পে‌রে‌ছি। তার বা‌ড়ি ও শ্বশুরবা‌ড়িসহ ২০টি প‌রিবার‌কে লকডাউন করা হ‌য়ে‌ছে।’

এর আ‌গে জেলার রৌমারী ও ফুলবাড়ী উপ‌জেলায় দু'জন ক‌রোনা রোগী শনাক্ত হন। তার উভ‌য়ে ঢাকা ফেরত ব‌লে জানায় স্বাস্থ‌্য বিভাগ।