কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীতে করোনা উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) ভোরে নিজ নিজ বাড়িতে শিশু দু’টি মারা যায়। পরে লাশ ও তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা গ্রামের মোবারক আলীর ছয় মাসের ছেলে জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে রবিবার ভোরে মারা যায়। স্বাস্থ্য বিভাগ খবর পেয়ে শিশু ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক জানান, জন্মের পর থেকে শিশুটি অসুস্থ ছিল। সম্প্রতি তাকে নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল তার পরিবার। তবুও নিশ্চিত হওয়ার জন্য ওই শিশুটি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
অপরদিকে, করোনা উপসর্গ নিয়ে রবিবার ভোরে ভুরুঙ্গামারী উপজেলায় ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহী বাজার গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে। জ্বর, খিঁচুনি নিয়ে ওই শিশু মারা যায় বলে জানা গেছে। শিশুটির বাবা রিয়াজুল ইসলাম সম্প্রতি ঢাকা থেকে বাড়ি ফিরেছেন।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সায়েম জানান, শিশুটির বাবা ঢাকা ফেরত এবং সে গত পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিল। কিন্তু তারা স্বাস্থ্য বিভাগকে খবর দেয়নি। পরে শিশুটি মারা গেলে খবর পাওয়ার পর অধিকতর সতর্কতার জন্য শিশুটি ও তার বাবার নমুনা সংগ্রহ করা হয়েছে।
প্রসঙ্গত, রবিবার দুপুর পর্যন্ত কুড়িগ্রামে ছয় জন করোনা রোগী শানাক্ত হয়েছে।