পাঁচ ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত

 

করোনাভাইরাসনীলফামারীতে পাঁচ জন ব্যাংক কর্মকর্তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ২১ জন। রবিবার (৩ মে) সকালে জেলা সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ এ তথ্য জানান।

তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র থেকে জেলায় পাঁচ জনের করোনা শনাক্তের রিপোর্ট পাওয়া গেছে। তারা হলেন, বাংলাদেশ ইসলামী ব্যাংকের সৈয়দপুর শাখার চার কর্মকর্তা এবং অপরজন জেলার ডিমলা বালাপাড়া ইউনিয়নের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডাঙ্গারহাট শাখার কর্মকর্তা। তার বাড়ি জেলার ডোমার উপজেলার বামুনিয়ার পাটোয়ারি গ্রামে। এ ঘটনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ডিমলা শাখার পাশের যে মেসে ওই ব্যাংক কর্মকর্তা থাকতেন সেটিসহ দুটি বাড়ি এবং পাশের দোকান লকডাউন করে গণবিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা প্রশাসন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ব্যাংকের সৈয়দপুর শাখার চার কর্মকর্তার মধ্যে তিন জনের বাড়ি সৈয়দপুর শহরে এবং একজনের বাড়ি নীলফামারী পৌরসভার প্রগতিপাড়ায়।

নতুন আক্রান্তদের জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

রণজিৎ কুমার বর্মণ আরও জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জনসহ হোম কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ২৫৪ জন। এরমধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৮৪টি এবং ফলাফল হাতে এসেছে ৪৯৬ জনের। জেলায় আক্রান্ত ২১ জনের মধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে আট জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।