করোনা জয় করে বাড়ি ফিরলেন ৪ জন

দিনাজপুরদিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে চার জন সম্পূর্ণ সুস্থ হয়ে মঙ্গলবার (৫ মে) বাড়ি ফিরেছেন। তারা হলেন—জেলা সদরের নয়নপুর এলাকার মো. সোহাগ হোসেন, একই এলাকার বীর বীক্রম, ফুলবাড়ী উপজেলার এনামুল হক এবং নবাবগঞ্জ উপজেলার সামিউল ইসলাম। তারা সবাই গত ১৪ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ ও অন্যান্য কর্মকর্তারা বিকালে করোনা বিজয়ীদের বাড়িতে গিয়ে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় তাদের করোনা থেকে সুস্থ হওয়ার সার্টিফিকেট, ইফতার সামগ্রী ও অন্যান্য খাদ্যসামগ্রী উপহার দেন তারা।

অভিনন্দনের সময় আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্বাসী মাগফুরুল হাসান প্রমুখ।

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ বলেন, ‘দিনাজপুরে প্রথম গত ১৪ এপ্রিল একদিনে সাত জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে আজ চার জনকে আমরা ছাড়পত্র দিয়েছি। ১৪ দিন আইসোলেশনে থাকার পর আমরা কয়েকবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি। প্রতিটি পরীক্ষায় তাদের নেগেটিভ ফল এসেছে। এ জন্য আজ তাদের করোনাজয়ী হিসেবে ছাড়পত্র দিয়েছি।’

জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, ‘দিনাজপুরে প্রথম দফায় সাত জন ব্যক্তি করোনায় আক্রান্ত হন। আমরা প্রতিনিয়তই তাদের খোঁজ রাখি। আজ সুস্থ হওয়াদের বাড়িতে গিয়ে অভিনন্দন জানিয়ে এসেছি।' দুর্যোগকালীন সবাই নিরাপদে থাকবেন এই আহ্বান সবার কাছে।

 করোনা থেকে মুক্তি পাওয়া সোহাগ হোসেন বলেন, ‘২০ দিনের বেশি যুদ্ধ করেছি। সরকারি বিধিবিধান মেনে চলেছি। প্রতিনিয়তই ডিসি স্যার, সিভিল সার্জন স্যার আমার খোঁজ নিয়েছেন। তাদের পরামর্শে আমাকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। তবে আপাতত বাড়িতেই থাকবো।' করোনা রোগীদের খারাপ চোখে না দেখতে সমাজের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।