করোনা যুদ্ধ জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কুড়িগ্রামে প্রথম করোনা আক্রান্ত হওয়া মাদ্রাসা ছাত্র গোলাম মোস্তফা (১৭)। একইদিন হাসপাতাল ছেড়েছেন রৌমারীর আনিছুর রহমান (২৪)। মঙ্গলবার (৫ মে) দুপুরে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
স্বাস্থ্য বিভাগ জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী দু’বার করোনা টেস্টের ফল নেগেটিভ আসায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন সম্পূর্ণ সুস্থ।
ডা. মোমেনুল ইসলাম জানান, তাদেরকে ১৪ দিন আইসোলেশন ওয়ার্ডে রেখে নিয়মিত চিকিৎসা দেওয়া হয়েছে।
গত ১৩ এপ্রিল জেলার প্রথম করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন রৌমারী উপজেলার গোলাম মোস্তফা। আর আনিছুর রহমান ২২ এপ্রিল করোনা শনাক্ত হয়। করেনা পজেটিভ সনাক্ত হওয়ার পর থেকেই তারা রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তবে তাদের শরীরে উপসর্গ ছিল না। এনিয়ে কুড়িগ্রামে তিন জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এর আগে জেলার ফুলবাড়ী উপজেলায় তাজুল ইসলাম নামে এক করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন।